খুলনায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দুজন দগ্ধ

খুলনায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে গ্যারেজ মালিক ও গ্যারেজের মিস্ত্রি দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সোনাডাঙ্গা থানাধীন ট্রাকস্ট্যান্ড কাঁচা বাজার এলাকার সুমন মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে। আহত দুজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার সুমন ও গল্লামারী দরগা রোড এলাকার হৃদয়।

হাসপাতাল সূত্র জানায়, গ্যারেজের সামনে কেমিক্যাল ড্রামের মুখ গ্যাস কাটারের মাধ্যমে খুলতে থাকেন তারা দুজন। এ সময়ে ড্রামটি বিস্ফোরিত হয়। শব্দ পেয়ে লোকজন এদিক-সেদিকে ছোটাছুটি করতে থাকেন। বিস্ফোরণে গ্যারেজের মালিক সুমন ও তার কর্মচারী হৃদয় গুরুতর আহত হন। তাদের হাটুর নিচের অংশ দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করান।