ধারাবাহিকতার নিরন্তর অভাবে ভূগতে থাকা সৌম্য সরকার অবশেষে রানের দেখা পেয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বিস্ফোরক ইনিংস খেলেছেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটার। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা নাসির হোসেনও আজ রুপগঞ্জ টাইগার্সের হয়ে পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দিয়েছেন।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সৌম্য। তার ব্যাট থেকে আসে ৭৯ বলে ৮০ রানের ঝলমলে ইনিংস, যাতে ছিল ৮টি চার আর দুটি ছক্কার মার। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত মাইশুকুর রহমানের বলে ক্যাচ দিয়ে আশির ঘরেই থামতে হয়েছে এই হার্ডহিটারকে।
অন্যদিকে বিকেএসপির চার নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ফিফটি করেছেন নাসির। টস হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ টাইগার দ্রুত দুই উইকেট হারায়। এরপরই আসাদুল্লাহ গালিবকে (৬৫) নিয়ে জুটি গড়েন নাসির। খেলেন ৮৪বলে ৮ চার ৩ ছক্কায় ৭৭ রানের ইনিংস। ফজলে রাব্বির বলে মইন খানের তালুবন্দি হয়ে তার ইনিংস শেষ হয়। এবার দেখার, বল হাতে তিনি কেমন করেন।