ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গত কয়েক দিনে ১৭ জনের বেশি মানুষকে হত্যার দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বিদ্রোহীরা এ কথা বলেছে। পাপুয়ান বিদ্রোহীদের এক মুখপাত্র সেবি সামবম বলেছেন, গত ৬ এপ্রিল থেকে ১৭ জনের বেশি মানুষকে হত্যা করেছে তারা। শুধু বুধবারই পাঁচজনকে হত্যা করা হয়। তাদের দাবি, নিহতরা সেনাসদস্য ছিলেন, যারা স্বর্ণখনির শ্রমিকবেশে অভিযানে এসেছিলেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফ্রেগা ওয়েনাস বলেছেন, ১১ জন খনিশ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতরা সেনাসদস্য বিদ্রোহীদের এ বক্তব্য অস্বীকার করে তিনি বলেছেন, এটি ভুয়া খবর। পৃথক এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সংঘাতের এলাকা থেকে ৩৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুজনকে জিম্মি করে রেখেছে বিদ্রোহীরা। এর আগে ২০১৮ সালে পাহাড়ি এনদুগা এলাকায় ২১ জন সড়ক নির্মাণশ্রমিককে হত্যা করেছিল বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী।