বাংলাদেশের ক্রিকেটে যখন পারফর্মেন্সের দুর্দিন চলছে, তখনই সফরে আসছে ‘পুরনো বন্ধু’ জিম্বাবুয়ে। শক্তির বিচারে খর্বশক্তির দলটি কোনো দিক দিয়েই টাইগারদের ধারেকাছেও নেই। তাদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ উপলক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়ার মতোই ভাবছেন!
আজ শুক্রবার মিরপুরে আবাহনী লিমিটেডের অনুশীলনের ফাঁকে শান্ত বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এখানেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। এর ভিন্ন কোনো চিন্তা থাকবে না। একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেই চাপটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কীভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি।’
আগামী ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। খর্বশক্তির দলটিকেও অস্ট্রেলিয়ার মতোই শক্তিশালী ভাবছেন শান্ত, ‘কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি। ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আমি আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা... প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।’
শান্ত আরও বলেন, ‘আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ। গত বছর যদি টেস্ট ক্রিকেট দেখেন, আমাদের আগের চেয়ে উন্নতি হয়েছে। আমার যতটুকু মনে পড়ে, ৪ (আসলে ৩টি) ম্যাচ জিতেছিলাম। এই বছর আরও ৬টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের চেয়ে কীভবে আমরা ভালো ফল আনতে পারি সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে।’