ত্রিশালে চলাচলের রাস্তা বন্ধ করে দিল প্রতিপক্ষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের চাউলাদী গ্রামে পূর্বশত্রুতার জেরে জাকারিয়া নামের এক ব্যক্তির বসতবাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী মাহাবুবুল আলম। এ ঘটনায় ত্রিশাল থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী জাকারিয়া।

জানা যায়, চাউলাদী গ্রামের মড়লবাড়ীর প্রত্যেকেই বহু বছর আগেই ভিটাসহ পৈতৃক সূত্রে পাওয়া জমি বুঝে নেন। তবে ওই বাড়ির আশরাফ আলীর বড় ছেলে মাহাবুবুল আলম ব্যতিক্রম। তুচ্ছ কারণেই যে কারও সঙ্গে ঝগড়া বাধিয়ে বসেন। তার হাত থেকে রেহাই পাননি জেঠাতো ভাই জাকারিয়া।

থানায় করা অভিযোগের ভিত্তিতে আরও জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত মঙ্গলবার জাকারিয়ার জমিতে থাকা একটি ঝাঁড় থেকে শতাধিক বাঁশ কেটে নিয়ে যান মাহাবুবুল আলম। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী জাকারিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে পরদিন বুধবার সকালে জাকারিয়ার পরিবারের সদস্যদের চলাচলের নিজস্ব রাস্তাটিও বেড়া দিয়ে বন্ধ করে দেন মাহাবুবুল।

ভুক্তভোগী জাকারিয়া বলেন, ‘আমার মালিকানাধীন জমির বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে গেছে। বাড়িতে চলাচলের রাস্তাও বন্ধ করে দিয়েছে। দা-কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে আঘাত করতে তেড়ে আসে তারা।’ এ ব্যাপারে মাহাবুবুল আলম বলেন, ‘জাকারিয়াদের চলাচলের রাস্তা ও বাঁশঝাড়ের জমিটি তার নিজের।’

অভিযোগের তদন্ত কর্মকর্তা ও ত্রিশাল থানার এএসআই ইসমাঈল হোসেন বলেন, ‘বাড়িতে পুলিশ যাওয়ার খবরে মাহাবুবুল গা-ঢাকা দিয়েছে। তবে তার ছোট ভাই আল আমিন ও স্থানীয় ইউপি সদস্য দুদিনের মধ্যে সমস্যা সমাধান করতে বলে এসেছি।’