চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া এলাকায় স্বামী ফরিদুল আলমের ছুরিকাঘাতে মিনু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী ফরিদুল আলম পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে ফরিদুল আলমের (৪২) সঙ্গে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামের অজি আহমদের মেয়ে মিনু আক্তারের (৩৫) প্রায় ১৫ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ফরিদুল আলম মোবাইল ব্যবসার সুবাদে চট্টগ্রাম শহরে থাকতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। স্বামী-স্ত্রীর মধ্যে তেমন মিল ছিল না। গত বৃহস্পতিবার মিনু আক্তার বাহারছড়ায় তার বাপের বাড়িতে বেড়াতে গেলে শুক্রবার রাতে সেখানে আসেন ফরিদুল আলম। ভোরে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারকে ছুরিকাঘাত করে কম্বল দিয়ে মুড়িয়ে পালিয়ে যান। পরে মিনুর চিৎকার শুনে স্বজনরা এসে দ্রুত তাকে নিয়ে চমেক হাসপাতালে রওনা দেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিনুর মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা চলছে।’