বদলি নেমে আইপিএলই শেষ হয়ে গেল গ্লেন ফিলিপসের

আইপিএল থেকে ছিটকে গেলেন গুজরাট টাইটান্সের কিউই অল-রাউন্ডার গ্লেন ফিলিপস। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একটি ম্যাচে বদলি ক্রিকেটার হিসেবে নেমে তিনি ইনজুরিতে আক্রান্ত হন। ইতোমধ্যে তিনি নিউজিল্যান্ডে ফিরে গেছেন বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

গত রবিবার হায়দরাবাদের বিপক্ষে পঞ্চম ওভার শেষে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন ফিলিপস। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ফিল্ডিং করতে গিয়ে তার কুঁচকিতে টান লাগে। সেই চোট তাকে পুরো আসর থেকেই ছিটকে দিয়েছে। ফিলিপসের জায়গায় এখনও কাউকে বদলি ঘোষণা করেনি গুজরাট টাইটান্স।

মেগা নিলাম থেকে ফিলিপসকে ২ কোটি রুপিতে কিনলেও তাকে কোনো ম্যাচ খেলায়নি গুজরাট। ৭ জন বিদেশি ক্রিকেটার নিয়ে এবারের আইপিএল শুরু করা গুজরাট ফিলিপস ছাড়াও কাগিসো রাবাদাকে হারিয়েছে। দুই দিন আগে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন এই প্রোটিয়া তারকা পেসার। তাদের ছাড়াই পাঁচ ম্যাচের চারটিতে জিতে উড়ছে গুজরাট।