বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাফল্য অর্জন করতে প্রয়োজন কৌশলগত প্রস্তুতি। এই ধারাবাহিকতায় আপনাদের প্রস্তুতিকে শানিত করতে আসন্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. মাসুম কামাল
এক নজরে
প্রিলিমিনারি পরীক্ষার জন্য কৌশলী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশলগত পদ্ধতি অবলম্বনের একটি ধাপ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা। প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতির শুরুতে এক সেট গাইড বই কিনে শুরু থেকে শেষ পর্যন্ত টানা মুখস্থ শুরু করে। যার ফলে অপ্রয়োজনীয় অনেক কিছু পড়ার ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলে যায় অথবা পরীক্ষার হলে দ্বিধায় ভোগে। তাই কৌশলগত প্রস্তুতির জন্য প্রথমে পিএসসির ওয়েবসাইট থেকে প্রিলিমিনারির সিলেবাস ডাউনলোড করে নিতে হবে। এরপর প্রত্যেকটি সাবজেক্ট সিলেবাসের টপিক ধরে ধরে পড়তে হবে। তাহলে স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব।
বাংলা বিষয়ের প্রস্তুতি
বাংলা বিষয়ের জন্য শুরুতেই বিগত ৪৬ থেকে ১০ম বিসিএসের প্রশ্নসমূহ ভালোভাবে পড়তে হবে। এ ক্ষেত্রে প্রিসেপ্টর্স অথবা অন্য যেকোনো প্রকাশনীর প্রশ্ন ব্যাংকের সহায়তা নেওয়া যেতে পারে। তারপর একটা গাইড বই কিনে (অগ্রদূত/এমপিথ্রি/পছন্দ অনুযায়ী) সেখান থেকে সাহিত্য অংশের প্রাচীন যুগ, মধ্য যুগ থেকে শুরু করে আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের রচনাসমূহ ভালোভাবে পড়তে হবে। এ ক্ষেত্রে বিগত বিসিএস, অন্যান্য সরকারি চাকরি, ব্যাংকের পরীক্ষায় আসা সাহিত্যিক, তাদের রচনা ও টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। ব্যাকরণ অংশের জন্য ৯ম-১০ম শ্রেণির বোর্ড বই (মুনীর চৌধুরীর লেখা) থেকে ভাষা, শব্দ (শব্দের প্রকারভেদ বিস্তারিত, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, দ্বিরুক্ত শব্দ, পারিভাষিক শব্দ), ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, পদ প্রকরণ, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, বাক্য প্রকরণ, যতি ও ছেদ চিহ্ন, গুরুত্বপূর্ণ বাগধারা, এক কথায় প্রকাশ (বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা) ভালোভাবে পড়তে হবে। সঙ্গে গাইড বই থেকে এই টপিকের বিগত চাকরির পরীক্ষার প্রশ্ন ও সম্ভব্য প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে।
ইংরেজি বিষয়ের প্রস্তুতি
ইংরেজির প্রস্তুতির শুরুতে একইভাবে বিগত বিসিএসের প্রশ্ন আগে ভালোভাবে পড়তে হবে।
৩৫ নম্বরের ইংরেজিতে Grammar part-এ ২০ নম্বর। এ অংশে ভালো করার জন্য Tense, Sentence, Article, Parts of Speech, Right form of verbs, Subject Verb Agreement, Voice & Narration, Correction সহ গুরুত্বপূর্ণ © Grammar-এর Basic rules ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে। এক্ষেত্রে Mastar by Jahangir Alam/Need/ Chowdhury & Hossain/ PC Das/ Zakir Hossain বা অন্য কোনো লেখকের বই পড়তে পারেন। মূলত আপনাকে Grammar বুঝে বুঝে পড়ে অনুশীলন করতে হবে। তাই পছন্দ অনুযায়ী যেকোনো গাইড বই/শিক্ষকের সহায়তা নিতে পারেন। Number & Gender, Preposition, Phrase & idioms, Group Verb, Synonym & antonym বিগত বিসিএস ও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা বিগত প্রশ্ন ব্যাখ্যাসহ (৪টি Option-এর meaning/rules) পড়লে এখান থেকেই কমন পাওয়া সম্ভব। তবে ভোকাবুলারি অংশে ভালো প্রস্তুতির জন্য Mnemonic by Oracle publications/ Saifurs Vocabulary অন্য যেকোনো ভোকাবুলারি বই থেকে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ মুখস্থ করতে হবে। সাহিত্য অংশের জন্য সিলেবাস দেখে গুরুত্বপূর্ণ সাহিত্যিক বিশেষ করে Shakespeare, Neoclassical period, Romantic period, Modern & Post Modern period-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের রচনা ভালো করে পড়তে হবে। একই সঙ্গে বিগত বিসিএস ও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নসমূহ ভালোভাবে পড়তে হবে। এ ক্ষেত্রে confidence literature/ miracle/ পছন্দ অনুযায়ী অন্য কোনো বই পড়তে পারেন।
গাণিতিক যুক্তি
প্রথমে বিগত বিসিএসে আসা সব অংক বুঝে বুঝে সমাধান করতে হবে। তাহলে প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এ অংশে সাধারণত ৮ম, ৯ম-১০ম শ্রেণি পর্যায়ের গণিত থেকে প্রশ্ন আসে। তাই সিলেবাসের সঙ্গে মিল রেখে বোর্ড বই এবং সিলেবাস সংশ্লিষ্ট সব টপিকের অংকগুলো বুঝে বুঝে করতে হবে। যাদের বেসিক দুর্বল তারা খাইরুল’স বেসিক ম্যাথ বইটি দেখতে পারেন। প্রয়োজনে গণিতে এক্সপার্ট কারও সহযোগিতা নিন। পরীক্ষার হলে দ্রুত অংক করার জন্য এবং এ অংশে ভালো করার জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই।
মানসিক দক্ষতা
এ অংশে প্রশ্ন রিপিট হয়। তাই প্রথমে বিগত বিসিএসের প্রিলি এবং লিখিত প্রশ্নগুলো ভালো করে সমাধান করুন। এ কাজটি করতে পারলে অনেক প্রশ্ন কমন পাবেন। এরপর যেকোনো গাইড বই থেকে সিলেবাস অনুযায়ী সংশ্লিষ্ট টপিক বুঝে বুঝে সমাধান করুন। এ ক্ষেত্রে খাইরুল’স মানসিক দক্ষতা বইটি দেখতে পারেন।
বাংলাদেশ বিষয়াবলি
এ অংশে ভালো করার জন্য প্রথমে বিগত বিসিএসের প্রশ্নগুলো পড়ে প্রশ্নের ধরণ সম্পর্কে ধারনা নিন। তারপর যেকোনো গাইড বই থেকে শুরুতে ১৯৪৭ থেকে ১৯৭১, সংবিধান, বাংলাদেশের সরকার ব্যবস্থা, জনসংখ্যা, অর্থনীতি, বাণিজ্য, সরকারের উন্নয়ন কার্যক্রম ভালো করে পড়ে নিন। এর সঙ্গে সিলেবাস দেখে অন্য টপিকগুলো ভালো করে পড়ে যেকোনো গাইড বই থেকে অন্য সরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালো করে ব্যাখ্যাসহ পড়বেন।
আন্তর্জাতিক বিষয়াবলি
এ অংশেও প্রথমে বিগত প্রশ্ন পড়ে সিলেবাস অনুযায়ী যেকোনো গাইড বই থেকে ৭টি মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ, অঞ্চল, গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভৌগোলিক বৈশিষ্ট্য, নদী, সাগর-মহাসাগর, প্রণালি, বিভিন্ন দেশের বিরোধপূর্ণ অঞ্চল, চুক্তি এবং জাতিসংঘ, IMF, WB, EU-সহ বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠন, পরিবেশ বিষয়ক চুক্তি ও সংগঠন, বৈশ্বিক সভ্যতা, যুদ্ধ ও সিলেবাস সংশ্লিষ্ট অন্য টপিকগুলো ভালো করে পড়বেন। এ অংশে সাধারণত আপডেট প্রশ্ন হয়। তাই নিয়মিত পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া এবং খবর দেখে বৈশ্বিক তথ্য সম্পর্কে আপডেট থাকতে হবে।
ভূগোল
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি ভালো করে পড়লে ভূগোল অংশ কাভার হয়ে যায়। এ বিষয়ে ভালো করার জন্য বিগত বিসিএসের প্রশ্ন এবং ৯ম-১০ম শ্রেণির ভূগোল বইয়ের পাশাপাশি যেকোনো গাইড বই থেকে সিলেবাস অনুযায়ী সংশ্লিষ্ট টপিকগুলো পড়বেন।
উল্লেখ্য, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল এ তিনটি বিষয় অবশ্যই ম্যাপ দেখে দেখে পড়বেন। নিয়মিত পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন এবং খবর শুনবেন। এ তিনটি অংশের জন্য সহায়ক বই হিসাবে গচ৩ জর্জ সিরিজ অথবা নাঈম হোসেনের বেসিক ভিউ বা আপনার পছন্দ অনুযায়ী বই থেকে পড়তে পারেন।
বিজ্ঞান
বিজ্ঞান অংশে প্রশ্ন রিপিট হয়। তাই অবশ্যই বিগত বিসিএসের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ ভালো করে পড়বেন। ৮ম শ্রেণির বিজ্ঞান বইটিও ভালো করে পড়বেন। এরপর সিলেবাস অনুযায়ী যেকোনো গাইড বই থেকে সংশ্লিষ্ট টপিকগুলো ভালো করে পড়বেন। এরপর বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালো করে পড়তে পারলে অনেক প্রশ্নই সরাসরি কমন পেতে পারেন।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
এ অংশেও শুরুতে বিগত বিসিএসের প্রশ্ন পড়বেন। তাহলে প্রশ্নের ধরন বুঝতে পারবেন। কম্পিউটার সংশ্লিষ্ট বেসিক বিষয় ও নতুন তথ্যপ্রযুক্তি সম্পর্কে ভালো করে পড়বেন। যেকোনো গাইড বই থেকে সিলেবাস অনুযায়ী সংশ্লিষ্ট টপিকগুলো ভালো করে পড়বেন। এ ক্ষেত্রে জর্জ সিরিজের Easy Computer বা আপনার পছন্দের যেকোনো গাইড বই পড়তে পারেন। বিগত বিসিএস ও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো ব্যাখ্যাসহ ভালো করে পড়তে পারলে এখান থেকে কমন পেতে পারেন।
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
১০ নম্বরের এ অংশে ৪-৫টি প্রশ্ন এমনিতেই পাওয়া যায়। ভালো প্রস্তুতির জন্য বিগত বিসিএসের প্রশ্ন পড়ার পাশাপাশি গাইড বই থেকে সংশ্লিষ্ট টপিকগুলো ভালো করে পড়বেন।
বিসিএস প্রিলিমিনারিতে ভালো করার জন্য সিলেবাস অনুযায়ী নিয়মিত ভালো করে পড়তে হবে এবং বারবার রিভিশন করতে হবে। পাশাপাশি প্রচুর গঈছ অনুশীলন করতে হবে।
এ জন্য মাঝে মাঝে মডেল টেস্ট দিতে হবে। আর পরীক্ষার হলে মনে দ্বিধা জাগলে দাগানো যাবে না। তাহলে প্রিলিমিনারি পাস করা সম্ভব হবে। নিয়মিত পড়ুন এবং অনুশীলন করুন।
অনুলিখন : জেলি খাতুন