আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিচারক সংকট আছে, লজিস্টিক সমস্যাও আছে। অল্প দিন হলো আসছি। নিয়োগ দিতেও সময় লাগে। বিচারক সংকট থাকবে না। আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবিলা করে যাবে।
গতকাল শনিবার সকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা দায়রা জজ বেগম জেবুন্নাহার আয়শা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবালসহ বিচার বিভাগীয় অন্য কর্মকর্তা। আইন উপদেষ্টা আরও বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো সালিসে দিয়ে দেওয়া যায় কি না সে বিষয়টি এখন চিন্তার পর্যায়ে আছে। সিদ্ধান্ত হয়নি। সালিস না হলে তখন কোর্টে আসবে। এর ফলে কোর্টের ওপর চাপ কমবে।
পরে উপদেষ্টা জেলা ও দায়রা জজ আদালতে বান্দরবান জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেওয়া হয়। দাবিগুলো হলো, বিচার বিভাগরে জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার
বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা ।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার উপদেষ্টা সামির হোসাইন, সভাপতি মো. কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ ।