কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রবিবার সকাল ১১টায় জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
জানা গেছে, হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১’র অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি কয়েক ধাপে বিভিন্ন মামলায় জামিন পান। চলতি বছরের ৭ জানুয়ারি আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।
৩১ মাস পরে রবিবার সকালে জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার আত্মীয়-স্বজন ও নেতাকর্মী সমর্থকরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি গাড়িবহরে বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ প্রকাশ করেন। পরে মোটরসাইকেল ও গাড়ির বহরে নেতাকর্মীদের নিয়ে পুরো শহরে শোডাউন দেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয়।
জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন। আগে থেকেই তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।