আয়ারল্যান্ডকে হারাতে বাংলাদেশকে করতে হবে ২৩৬ রান

নারী বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের আগের দুই ম্যাচে আয়ারল্যান্ড করেছিল ১৭৫ (প্রতিপক্ষ উইন্ডিজ) ও ১৭৯ (প্রতিপক্ষ পাকিস্তান)। সেই আইরিশরাই এবার বাংলাদেশের বিপক্ষে তুললো ৮ উইকেটে ২৩৫ রান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগের দুই ম্যাচেই আইরিশরা টস জিতে পরে ব্যাট করেছিল। তবে বাংলাদেশের বিপক্ষেও টস জিতে এবং আগে ব্যাট করে আয়ারল্যান্ড।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ম্যাচে ৭ জন বোলার ব্যবহার করেছেন। সবচেয়ে সফল রাবেয়া খান। এই স্পিনার ১০ ওভারে ৩৯ রানে নেন ৩ উইকেট।

আয়ারল্যান্ডের প্রথম উইকেট যায় দলীয় ৬ রানে। তবে এরপর থেকে উইকেট ধরে রেখে খেলার চেষ্টা করে আইরিশরা। দ্বিতীয় উইকেটে ৫০ রানে জুটি ভাঙে গাবি লুইসকে কট অ্যান্ড বলে জান্নাতুল ফেরদৌস ফেরালে।

এমি হান্টার ব্যক্তিগত ৩৩ রানে রান আউট হন। চতুর্থ উইকেটে ৭২ রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন ওরলা এবং লরা ডিলানি। ওরলা প্রেন্ডারগাস্ট ৪১ এবং লরা ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেন। বাকিদের ছোট ছোট ইনিংসে দলীয় সংগ্রহ দুইশো পেরোয় আয়ারল্যান্ডের। আরলেনে কেলি ২৪ রানে অপরাজিত থাকেন।

ফাহিমা খাতুন ৮ ওভারে ৫০ রানে ২টি এবং জান্নাতুল ১০ ওভারে ৪২ রান দিয়ে ১টি উইকেট নেন।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে করেছিল ৩ উইকেটে ২৭১ রান। এবার ২৩৬ রান করতে পারে কিনা সেটি দেখার।