হান্নার সরকারের কাছ থেকেও ‘সাবাস’ পেলেন ওয়াসি

বোর্ডে ৩০২ রানের বড় পুঁজি ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের। এর পরও জবাব দিতে নামা ব্রাদার্স ইউনিয়নের ব্যাটসম্যানদের বিপক্ষে ১০ ওভারে ৫২ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি। তিনি একাই ধস নামান ব্রাদার্স শিবিরে। তাতেই কুড়িয়ে নিয়েছেন দেশের সাবেক নির্বাচক ও আবাহনীর প্রধান কোচ হান্নান সরকারের প্রশংসা।

ওয়াসির এমন বোলিং স্পেল নিয়ে ফেসবুকে হান্নান লেখেন, 'ইনিংসে ছয় উইকেট অনেকের কাছেই খুব বড় কোনো ঘটনা হয়তো না। কিন্তু ওয়াসির ছয় উইকেট আমার কাছে বিশেষ কিছু। লেগস্পিনাররা এমনিতেই ম্যাচ খেলার সুযোগ তেমন পান না, বেঞ্চেই বসে থাকতে হয় বেশিরভাগ সময়। এমন পরিস্থিতিতে কোনো লেগস্পিনারের দুর্দান্ত বোলিং অবশ্যই বাকিদের জন্যও সম্ভাবনার দুয়ার খুলে দেয়ার সামর্থ্য রাখে। কে বলতে পারে! এমন দারুণ পারফরম্যানসগুলোই হয়তো আগামী দিনে আরও যারা লেগস্পিন করে, তাদের বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেবে।'

'তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ওয়াসি। আজকে ছয় উইকেট পেয়েছো, কালকে হয়তো ওভারে ছয়টা বাউন্ডারিও খেতে পারো। ক্রিকেটে সবধরনের দিনই আসে। কিন্তু নিজের প্রতি এই বিশ্বাসটা সবসময়ই রেখো যে, তোমার পক্ষে বড় কিছু করা সম্ভব। খুব খুব সম্ভব।'-যোগ করেন তিনি।