হুট করেই খারাপ সময় কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। দলটির অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তির চাকরিও যায় যায়। এর মাঝেই দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ম্যাচটিতে লাল কার্ড দেখেছেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে।
রবিবার রাতে আলাভেসের মাঠে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেছেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। যদিও শুরু থেকেই তারা আক্রমণে যাচ্ছিল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল হচ্ছিল না। ১৯তম মিনিটে কর্নার থেকে হেডে জালে বল পাঠান রাউল আসেন্সিও। কিন্তু রেফারি অফসাইডের পতাকা ওড়ান। অবশেষে ৩৪তম মিনিটে ফেড্রিকো ভালভের্দের থেকে ডি-বক্সের একটু বাইরে বল পেয়ে গতিময় শটে রিয়ালকে এগিয়ে দেন কামাভিঙ্গা।
৩৮তম মিনিটে আন্তোনিও ব্লাঙ্কোকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এমবাপ্পে। ১০ জনের দলে পরিণত হওয়ার পর রক্ষণে গুটিয়ে যায় রিয়াল। কিন্তু আর কোনো গোল হয়নি। সর্বশেষ দুই ম্যাচে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল রিয়াল। ৩১ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে এখন তারা দুই নম্বরে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।