আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুনে পুড়ল ৩০ ঘর

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই শ্রমিক কলোনির অন্তত ৩০টি ঘর এবং ভিতরে থাকা অন্যান্য মালামাল পুড়ে গেছে। রবিবার (১৩ এপ্রিল) রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় মো. রবিনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে বাড়ইপাড়া এলাকায় মো. রবিনের মালিকানাধীন শ্রমিক কলোনীর একটি টিনশেড কক্ষ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের অন্যান্য টিন সেড ঘরে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আগুনে ওই শ্রমিক কলোনির অন্তত ৩০টি ঘর এবং ভিতরে থাকা অন্যান্য মালামাল পুড়ে গেছে। এঘটনায় পাশে থাকা আরও দুটি দোকান পুড়ে গেছে। 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাসের চুলার আগুন থেকে এর সূত্রপাত ঘটে থাকতে পারে। এছাড়া আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।