এবার ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবার প্রথম হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। আশা করবো, সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের মধ্যে দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। রাষ্ট্র কাঠামো যদি একই থেকে যায় তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। জুলাই কেবল কোনও ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের আমূল পরিবর্তন এর জন্য একটি আন্দোলন। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার ও সংস্কার দেখতে চাই।

তিনি বলেন, রাষ্ট্রের যেসব সংস্কার প্রয়োজন, সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন চালিয়ে নিতে পারে। 

নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমরা গণপরিষদ এবং আইন সভা নির্বাচনের দিকে এগোতে চাই। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে। আমরা ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাবো।