সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা জানতে চায় দলটি।

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়েই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটি বাতিল করতে হবে। এরপর সংবিধান সংস্কার পরিষদের শপথের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু করা যেতে পারে। সংবিধান সংস্কার পরিষদ কার্যকর না হলে বিএনপি সরকারের জাতীয় ঐক্যের কোনো উদ্যোগে এনসিপি অংশ নেবে না।

তিনি বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলে সরকার ডিসেম্বরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে পারে। কিন্তু জানুয়ারিতে গিয়ে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারে। এমন উদ্যোগে এনসিপি অংশ নেবে না।

জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে কয়েকটি দাবি পূরণের শর্ত তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন।

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দলটি দুই দফায় জাতীয় ঐক্যের প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে। প্রথমবার সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে এবং দ্বিতীয়বার নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও ক্ষমতায় এসে বিএনপি সেই অবস্থান থেকে সরে গেছে।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখন সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা জানতে চায় দলটি।

আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত