রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের শান্তিচুক্তির আগে ইউক্রেন সফরের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, ‘যেকোনো সমঝোতার আগে অনুগ্রহ করে ইউক্রেনের বাস্তবতা দেখে যান— আমাদের বেসামরিক নাগরিক, যোদ্ধা, হাসপাতাল, গির্জা, শিশুদের অবস্থা নিজের চোখে দেখুন।’
সাক্ষাৎকারটি প্রচারের আগেই সুমি শহরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে রোববার সকালে দুই দফায় চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৩১ জন। আহত হয়েছেন ৮৪ জন, যাঁদের মধ্যে সাতজন শিশু।
হামলার পরপরই সরকারি চ্যানেলগুলোতে প্রচারিত ভিডিওতে ধ্বংসস্তূপের ভেতরে পড়ে থাকা মরদেহ ও ধোঁয়ায় আচ্ছন্ন এলাকাগুলোর দৃশ্য দেখা যায়।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর ক্লাইমেঙ্কো জানিয়েছেন, আহতদের অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন।
সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এই উজ্জ্বল পাম সানডেতে আমাদের সম্প্রদায় ভয়াবহ শোকের মুখোমুখি হয়েছে। দুঃখজনকভাবে আমরা ইতিমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর পেয়েছি।’
প্রেসিডেন্ট জেলেনস্কিও হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘যখন মানুষ গির্জায় যাচ্ছিল পবিত্র দিনে, তখনই রাশিয়া হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এরপর থেকে দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষেই নিহত হয়েছে লাখো মানুষ, যাদের বেশিরভাগই সেনাসদস্য।
জাতিসংঘের হিসাবে, চলমান যুদ্ধে ইউক্রেন ছাড়তে বাধ্য হয়ে প্রায় ৭০ লাখ মানুষ শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন।
এদিকে, চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে, শান্তি আলোচনার আগে ইউক্রেন সফর করে বাস্তবতা উপলব্ধির পরামর্শ দিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।