ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে পহেলা বৈশাখ উদযাপন

বাংলা নতুন বছরকে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সৃজনশীল চারু ও কারুশিল্পে সেজে উঠে প্রতিষ্ঠান প্রাঙ্গন। বৈশাখী মেলা ও লোকোৎসব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ উপস্থিত সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে সার্বজনীন উৎসবে পরিণত হয়।

সোমবার (১৪ এপ্রিল) স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিক আয়োজন শুরু হয় সকাল ৯টা থেকে। এতে প্রধান অতিথি ছিলেন, এম এম ইস্পাহানি লিমিটেডের রেক্টর ও প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব:) মো. মইনুল ইসলাম চৌধুরী। 

তিনি সকাল সাড়ে নয়টার সময়  ‘বৈশাখী মেলা ও লোকোৎসব’ ঘুড়ি উড়ানোর মাধ্যমে উদ্বোধন করেন। এরপর স্কুলের নিচ তলায় লোকোৎসবের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। মঞ্চে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয় ও উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। এ সময় স্বাগত বক্তব্যের মাধ্যমে  উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানের সম্মানিত আহবায়ক। 

‘এসো হে বৈশাখ এসো এসো’ কালজয়ী এ গানের  মধ্যে দিয়ে শিক্ষার্থীদের  মনোজ্ঞ পরিবেশনা আরম্ভ হয়। দেশাত্মবোধক গান, লোক সংগীত , লোক নৃত্য ও রকমারি মনোমুগ্ধকর পরিবেশনায় প্রতিষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,  অনুষ্ঠান সভাপতি আহমেদ শাহীন আল রাজী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ,  আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আরিফুর রহমান, সম্মানিত অতিথি মিসেস তৌহিদা ইসলাম, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের সাবেক  শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, এম এম ইস্পাহানি লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজ ও স্কুল শাখার শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এরপর অতিথিরা বৈশাখী মেলায় বরাদ্দকৃত টঙ (স্টল) পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক, শিল্পী ও গবেষক ড. শেখ সাদী। দর্শকদের অনুরোধের আসরে তিনি লোকগীতি পরিবেশন করেন এবং তার বক্তব্যে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ প্রতিষ্ঠানের ন্যায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করলে শিক্ষার্থীদের সৃষ্টিশীল মেধা বিকাশে সহায়ক হবে বলে মন্তব্য করেন।