মঠবাড়িয়ায় তান্ডব চালিয়ে জমি দখলচেষ্টার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী মাথাভাঙ্গা গ্রামের চিত্ত রঞ্জন ও মনোরঞ্জন ঢালীর বাড়িতে তা-ব চালিয়ে প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার রাতে চিত্ত রঞ্জন ঢালী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী মনোরঞ্জন ঢালী বলেন, উত্তর সোনাখালী মৌজার ৩১৩ নম্বর খতিয়ানের সম্পত্তি আমার পূর্বপুরুষ সূত্রে পাওয়া এবং শতাধিক বছরের ভোগ দখলীয়। কিন্তু পাশর্^বর্তী গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের ওমর আলী তালুকদার ও তার সহযোগিরা দীর্ঘদিন ধরে জোর করে আমাদের জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। গত রবিবার সকালে ওমর আলী তালুকদারের ছেলে মামুন ভাতিজা ইয়ামিন তালুকদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে তান্ডব চালায়। জমির সীমানা বেড়া ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে, গোয়ালঘর ভেঙে ফেলে, কলাগাছ কেটে কলা নিয়ে যায়।

চিত্তরঞ্জন ঢালী বলেন, ‘পূর্বপুরুষ সূত্রে পাওয়া সম্পত্তি থেকে আমাদের বারবার উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে ওমর আলী তালুকদার ও তার সহযোগিরা। তারা জমি কিনেছে ৪৬৪ নম্বর খতিয়ান থেকে। আমাদের এখানে কি?

এ ব্যাপারে মামুন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওখানে আমার জমি পাব। বিগত দিনে তারাই আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।’ মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।