গাজীপুরের কালিয়াকৈরে নিজের মাটির ঘর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়াচালার হাওরিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে তার বৃদ্ধ স্বামী পলাতক রয়েছেন। নিহত আছিয়া খাতুন (৬৫) কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালার হাওরিয়াচালা এলাকার কাজীম উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হাওরিয়াচালা এলাকার কাজীম উদ্দিন ও তার স্ত্রী আছিয়া খাতুনের সঙ্গে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ হয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত সোমবার বিকেল ৩টার দিকে তাকে মারধর করেন তার স্বামী কাজীম উদ্দিন। এরপর ওই দিন রাতে পৌনে ৮টার দিকে নিজের ঘরে বৃদ্ধা আছিয়া খাতুনের রক্তাক্ত ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা নিহতের লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল সেলিম জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।