দেশের হয়ে খেলতে চান সাকিব

রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারেন না সাকিব আল হাসান। দেশের মাটিতে ক্রিকেটকে বিদায় বলার সুযোগও হয়নি। তবে সাকিব এখনো দেশের হয়ে খেলতে চান। নিরাপত্তার আশ্বাস পেলেই তিনি দেশে ফিরবেন বলেও জানিয়েছেন।

একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো দেশের হয়ে কেলা এবং আমি সেই লক্ষ্যে সবকিছু করতে প্রস্তুত। এটাই আমার স্বপ্ন এবং আমি সেটা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছি। আমি নিজেকে বাংলাদেশের হয়ে খেলার যোগ্য মনে করি। এখনো এক-দুই বছর খেলতে পারব।’

অন্য এক প্রশ্নের জবাবে সাকিব আরও বলেন, ‘কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কোনো ক্ষোভ নেই। সবারই সীমাবদ্ধতা আছে। বেশিরভাগ মানুষই চান আমি দেশের হয়ে খেলি। আমার নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরতে রাজি। আমি নির্বোধ ছিলাম, পৃথিবীকে সহজ-সরল ভাবতাম। কিন্তু আমি বুঝতে পেরেছি এটা কতটা জটিল এবং জটিলতর হতে পারে।’