ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি ঘিরে দর্শকদের মাঝে উত্তেজনা চরমে। প্রথম লেগ ৩-০ গোলে হেরে পিছিয়ে পড়া রিয়াল কি পারবে ঘুরে দাঁড়াতে? জুড বেলিংহ্যাম তো জয়ের ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী।
চ্যাম্পিয়ন্স লিগে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর ইতিহাস আছে রিয়ালের। এবার খেলা আবার ঘরের মাঠে। তাই সব মিলিয়ে আত্মবিশ্বাসী বেলিংহ্যাম, ‘ড্রেসিং রুমে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দটা হলো প্রত্যাবর্তন। গত সপ্তাহ থেকে এটা লাখো বার শুনেছি, ভিডিও দেখেছি, এটা আমাদের অনেক অনুপ্রাণিত করছে। এই রাত হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের রাত।’
তিনি বলেন, ‘এমন একটি রাত, যা ইতিহাসে লেখা থাকবে, তবে এমন রাত বিশ্বের এই অংশের মানুষের কাছে পরিচিত। বার্নাব্যুতে সবসময়ই অবিশ্বাস্য আবহ থাকে, প্রাণশক্তি ছড়িয়ে পড়ে। আমরা তা অনুভব করতে পারি, এটা আমাদের সেরাটা বের করে আনে। তাদের সেই প্রাণশক্তি আমাদেরকে অনুভব করতে হবে এবং দর্শকদের গর্বিত করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
মুখে বললেও কাজটা যে মোটেও সহজ হবে না- সেটা ভালোই জানেন বেলিংহ্যাম। কারণ ইতোমধ্যেই ৩ গোলে তারা পিছিয়ে আছে। তাই নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বেলিংহ্যাম, ‘প্রথম লেগে যা হয়েছে, তার চেয়ে ভালো কিছু করতে হবে। আরও বেশি নিবেদন, আরও বেশি মান বাড়াতে হবে। (প্রথম লেগে) আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। তবে আমরা জানি, আমরা আরও ভালো কিছু করতে পারি।’