জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সিলেটে প্রস্তুতিমূলক ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। তবে টানা দুই দিনের অনুশীলনের পর আজ ছিল বিশ্রামের দিন। আর সেই অবসরের সময়টুকু কাজে লাগিয়ে দলীয়ভাবে দেখা হলো সিনেমা—নায়ক শাকিব খানের ‘বরবাদ’।
বাংলাদেশ দলের অবস্থান সিলেটের একটি নামি হোটেলে। সেখানকার নিজস্ব মুভি থিয়েটার রুমেই ছিল সিনেমা দেখার আয়োজন। জানা গেছে, ক্রিকেটারদের মানসিক সতেজতা এবং দলীয় বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন করেছে টিম ম্যানেজমেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো একটি ছবিতে দেখা গেছে—হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদসহ আরও কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ সিনেমা উপভোগ করছেন একসঙ্গে। তাঁদের সঙ্গে ছিলেন সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ভারপ্রাপ্ত স্পিন কোচ সোহেল ইসলাম, কম্পিউটার অ্যানালিস্ট শাওন ও টিম ম্যানেজার নাফিস ইকবালও।
টিম ম্যানেজমেন্টের ভাষায়, ক্রিকেটারদের জন্য শুধু ব্যাট-বলের প্রস্তুতিই নয়, মানসিকভাবে চাঙা রাখাও জরুরি। তাই মাঝে মাঝে সিনেমা দেখা বা টিম ডিনারের মতো আয়োজন করা হয়। এতে দলের মধ্যে বাড়ে আন্তরিকতা, তৈরি হয় ইতিবাচক পরিবেশ।
অন্যদিকে, আজ দুপুরের আগেই ঢাকাফেরত ফ্লাইটে সিলেটে পৌঁছেছে সফরকারী জিম্বাবুয়ে দল। কাল থেকে শুরু করবে তাদের অনুশীলন। প্রথম দিনই সকালের সেশনে ঘাম ঝরাতে নামবেন অধিনায়ক ক্রেইগ এরভিন, শন উইলিয়ামসরা।
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। তার আগে মানসিক ও কৌশলগত প্রস্তুতির দিকেই জোর দিচ্ছে দুই শিবিরই।