আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পিএম

২০২১ সালে নানা কারণে অ্যাথলেট জহির রায়হানকে নিষিদ্ধ করা হয়েছিল। চার বছর পর আবারও শাস্তির মুখে পড়লেন তিনি। এবার ছয় মাসের জন্য জহিরকে নিষিদ্ধ করেছে অ্যাথলেটিকস ফেডারেশন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গ করায় জহির রায়হানকে ফেডারেশন এই শাস্তি দিয়েছে।

গত ২১-২৩ মার্চ চীনে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হিটে বাদ পড়ার পর গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন, এমন অভিযোগ জহিরের বিরুদ্ধে। এছাড়া জাতীয় দলের ক্যাম্পে ঈদের পর যোগ দেননি নৌবাহিনীর এই অ্যাথলেট। ক্যাম্পে যোগদান না করে বিকেএসপিতে অবস্থানের জন্য ফেডারেশন জহির রায়হানকে শোকজও করেছিল। সেই শোকজের উত্তর দেননি দেশের অন্যতম সেরা এই অ্যাথলেট।

উল্লেখ্য, জহির ৪০০ মিটার দৌড়ে টানা সাফল্য পেয়ে আসছেন। সবশেষ জাতীয় আসরেও স্বর্ণপদক জিতেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত