ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি: আইএইএ প্রধান

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা—আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে ফরাসি পত্রিকা লে মন্ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গ্রোসি বলেন, ইরান ‘ধাঁধার মতো’ পরিস্থিতি তৈরি করেছে। তাদের হাতে পারমাণবিক শক্তির খণ্ড খণ্ড উপাদান রয়েছে। একদিন তারা এসব একত্রিত করতেও সক্ষম হতে পারে মন্তব্য করেন তিনি। যদিও ইরানের সেই পর্যায়ে পৌঁছাতে এখনও সময় আছে, তবুও তা খুব দূরের বিষয় নয় বলে স্বীকার করেন আইএইএ প্রধান।

ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বরাবরই অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও এসব অভিযোগ ইরান বারবার অস্বীকার করেছে।

আইএইএ প্রধান গ্রোসি এ প্রসঙ্গে বলেন, শুধু দাবি করলেই হবে না যে, ‘আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই’; বরং আন্তর্জাতিক সম্প্রদায়কে তা যাচাই করার সুযোগ দিতে হবে।  

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কূটনৈতিক উপায়ে একটি চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার পথে হাঁটার চেষ্টা করছেন।

এ ছাড়া, রয়টার্স জানিয়েছে, ইরানের তেল রপ্তানি খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় একটি চীনা ‘টিপট’ তেল পরিশোধনাগারও রয়েছে। ট্রাম্প প্রশাসন পুনরায় ‘সর্বোচ্চ চাপ’ কৌশল চালু করে তেহরানের ওপর চাপ বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে।