মাদারীপুরের শিবচর থেকে ৪টি ককটেল, ১টি গুলি ও ২১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার কুদ্দুস হাওলাদারের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। শনিবার বিকেলে ওই বাড়ির পেছনে একটি মাঠে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ জানায়, বাড়ির মালিক কুদ্দুস হাওলাদারসহ তার পরিবার মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় এই বাড়িটি তাদের নজরদারিতে ছিল। গত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বাড়িতে কিছু লোক ইয়াবা সেবন ও বিক্রি করছে। খবর পেয়ে গত রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ওই বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে ৪টি ককটেল, ১টি গুলি ও ২১৫ পিস ইয়াবা ও কয়েটি আইডি কার্ড, ও ইয়াবা সেবনের বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
আজ দুপুরে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ বিষয় ৩টি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বাড়িতে ওলিয়ার খান নামে একজন যুবকের আইডি কার্ড, প্রেস কার্ড ও মেডিকেল কাগজপত্র উদ্ধার করা হয়ে ও ঘটনার রহস্য উদঘাটন করতে তাকে খোঁজা হচ্ছে। আশা করা যায় দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন হবে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়িতে আমারা যৌথ বাহিনী, সেনাবাহিনী পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় বাড়ির প্রতিটি কক্ষের তালা ভেঙে ভেতরে সার্চ করি। প্রতিটি রুমে মাদক কেনাবেচার আলামত পাই। পরে ৪টি ককটেল, ১টি গুলি, ২১৫ পিস উদ্ধার করি। পরে ডিএপিতে চিঠি দেওয়া হয়। তাদের সহায়তায় বোমগুলো নিষ্ক্রিয় করা হয়। এ বিষয়ে তিনটি মামলা হয়েছে। একজনকে শনাক্ত করা হয়েছে। তার নাম ওলিয়ার। তিনি এ বাড়িটি ভাড়া নিয়েছিলেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর বাসার মালিক তিনি বিদেশে অবস্থান করছেন। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।