ভোলায় এলপিজি গ্যাসভর্তি গাড়ি আটকে বিক্ষোভ

ভোলায় পাওয়া গ্যাস দিয়ে জেলাটির উন্নয়নসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাসভর্তি চারটি গাড়ি আটকে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তারা সেøাগন দেয় ‘ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’।

জানা গেছে, ভোলা থেকে গ্যাস নিয়ে ঢাকায় যাওয়ার পথে গত শুক্রবার রাত ১০টার দিকে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে একটি এবং গতকাল শনিবার দুপুরে তিনটি কাভার্ড ভ্যান আটক করে হেলিপ্যাড চত্বরে নিয়ে রেখে দেয় ছাত্র-জনতা। সংবাদ পেয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও সদর থানার ওসি হাসনাইন পারভেজ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে বুঝিয়ে গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা জানায়, প্রশাসনের আগেও এমন আশ্বাস দিয়েছিল। কিন্তু ভোলার ঘরে ঘরে গ্যাসসংযোগ না দিয়ে জেলার বাইরে গ্যাস নিয়ে যাওয়া অব্যাহত রেখেছে। তাই এবার তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো গাড়ি ছাড়া হবে না।