খুলনায় মো. আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর শিরোমনি বাজারের ব্যবসায়ীরা খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আনোয়ার হোসেনের পারিবার সূত্র জানায়, গত মঙ্গলবার মালামাল কেনাকাটার জন্য খুলনা শহরের উদ্দেশে বের হন আনোয়ার। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নগরীর শিরোমনি কেডিএ মার্কেটের ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে অবিলম্বে খুঁজে বের করার দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় শিরোমনি শহীদ মিনারের সামনে খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। কেডিএ মার্কেটের ব্যবসায়ী শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে আনোয়ার হোসেনকে খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
নগরীর খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, ‘ব্যবসায়ী আনোয়ার হোসেন নিখোঁজ হওয়ার ঘটনাটি রহস্যজনক। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।’