মোবাইল চুরির অভিযোগে গ্রিলের সঙ্গে বেঁধে কিশোরকে মারধর, ভিডিও ভাইরাল

চট্টগ্রামে এক কিশোরকে মোবাইল ফোন সেট চুরির অভিযোগে গ্রিলের সাথে বেঁধে বেধড়ক মারধরের একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি কখন ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী ১২/১৩ বছরের ওই কিশোরের পরনে কালো রঙের টি–শার্ট ও প্যান্ট। তার দুই হাত গ্রিলের সঙ্গে বাঁধা। ডিশের কেব্‌ল দিয়ে পেট বরাবর আরেকটি বাঁধন পেছনে গ্রিলের সঙ্গে। পা দুটিও জোড় করে বাঁধা হয়। এ অবস্থায় কিশোরটিকে মারধর করছেন এক যুবক। যন্ত্রণায় চিৎকার করছে কিশোরটি।

ভিডিওর ক্যাপশনে ঘটনাস্থল চট্টগ্রাম নগরের বহদ্দারহাট পুকুরপাড় এবং মুঠোফোন চুরির কথা উল্লেখ করা রয়েছে। তবে তাকে যিনি মারধর করছিলেন, তার পরিচয় পাওয়া যায়নি। মারধরকারী যুবকটির পরনে ছিল ছাই রঙের টি–শার্ট। কলার মোটা একটা কান্দি দিয়ে তিনি অনবরত পিটিয়ে যাচ্ছিলেন কিশোরটিকে। এ ঘটনা অনেকে দাঁড়িয়ে দেখছিলেন। কিন্তু যুবকটি অনবরত ওই কিশোরকে মারধর করেই যাচ্ছিলেন।

এ বিষয়ে নগরের  চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন  বলেন, ভিডিওটি দেখে রোববার দুপুরে আমি পুলিশ পাঠিয়েছি। কিন্তু কেউ কিছু জানে না বলেছে।