৯ মাসে রাজস্ব ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা

জানুয়ারিতে শতাধিক পণ্যের ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করেও রাজস্ব আদায়ে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৯ মাস (জুলাই-মার্চ) মোট রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি ৮৪ লাখ টাকায়। যদিও এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রায় এ ৯ মাসে মোট ৩ লাখ ২২ হাজার ১৫২ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছিল। অর্থাৎ আলোচ্য ৯ মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা। মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ। অর্থবছরের প্রথম ৯ মাস শেষে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতির হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৮ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলেও রাজস্ব আহরণে প্রবৃদ্ধির হার ইতিবাচক। গত অর্থবছরের আলোচ্য সময়ের তুলনায় বেড়েছে ২ দশমিক ৭৬ শতাংশ। গত অর্থবছরের প্রথম ৯ মাসে ২ লাখ ৪৯ হাজার ৫৯২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।