শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার, হাতিআলগা গ্রামসহ আশপাশের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের প্রায় ২ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কুসুমহাটি বাজার থেকে ১ হাজার ২০০ কেজি, হাতিআলগা এলাকা থেকে ১ হাজার ৬১০ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত তিনটি অটোরিকশা আটক করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দ চাল কিছু অসাধু জনপ্রতিনিধি বিতরণ না করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে দিচ্ছিল। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছিল।