লক্ষ্মীপুরে আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সাবেক ৪ জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের ৪ আগস্ট শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি করে চার শিক্ষার্থী হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, রায়পুর ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ, কমলনগর উপজেলার সবুজ, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, রামগতি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা সবাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত।