ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী মেয়ে জামাতা হাসপাতালে 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় দুর্গাপুর গ্রামে ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া তার স্ত্রীসহ আহত হয়েছেন তিনজন।

গত শনিবার বিকেল ৪টার দিকে মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. মানিক জানান, নিহত সালামত মিয়াজি (৫৫) উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি আলোর সন্ধানে বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন।

এলাকাবাসী জানায়, শনিবার বিকেলে সালামত মিয়াজি তার স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়ি ঘাসিরচরে যাওয়া উদ্দেশ্যে রওনা দেন। পথে ঘোষবাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল কামড়ায়। খবর পেয়ে তাদের মেয়ে শাউনী আক্তার ও জামাতা ঘটনাস্থলে ছুটে যান। তাদেরও ভীমরুল কামড়ে আহত করে। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।