নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে নির্মাণাধীন নকশাবহির্ভূত ভবনে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
গতকাল রবিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শহরের আলম খান লেন, আলী আহমদ চুনকা সড়ক, পশ্চিম দেওভোগ ও বেপারীপাড়া এলাকায় ৫টি নকশাবহির্ভূত ভবনে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজউকের ৮/৩ জোনের অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম। জেলা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে স্টারভিউ হউজিং লিমিটেডের থান কমপ্লেক্সসহ ২টি বহুতল ভবন কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। থান কমপ্লেক্সসহ ৫টি বহুতল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও নির্মাণকাজ স্থগিত করা হয়।
রাজউকের অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ জানান, নকশা বহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।