ঢাকার কয়েকটি থানার পৃথক মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খানসহ ৭ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
সোমবার মামলার তদন্ত কমকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন মেজিষ্টেট মেহেদী হাসান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির দিলীপ কুমার আগারওয়াল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
শাহবাগ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় আমীর হোসেন আমু, শাজাহান খানকে, একই থানায় পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় আনিসুল হক, জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া মিরপুর থানার আনোয়ার হোসেন হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে প্রথম কোন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো। শাহবাগ শেরে বাংলা নগর থানার দুই মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার দেখানো হয়।
আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা কিছু বলো না; শুধু আমাকে দিয়ে বলাতে চাও’। তিনি বলেন ‘রাজাকাররা এখন ক্ষমতায়, আর মুক্তিযোদ্ধারা জেলখানায়।’ ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ‘অবশ্যই নির্বাচন করব। আমাদের সঙ্গে অবিচার করা হচ্ছে।’
গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। তিনি ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
শাজাহান খানকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলার বিবরণে জানা যায়, গত ৫ অগাস্ট চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে ক্ষুদ্র পাট ব্যবসায়ী মনির দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় এ হত্যা মামলা করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছর ৫ অগাস্টে মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোওয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় এ হত্যা মামলাটি করে।