যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড় দেখা গেছে। রেমিট্যান্সে অবদান রাখায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তিকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ডা. জিয়াউদ্দিন আহমেদ। গত রবিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ও সানাই পার্টি সেন্টারে এই ফেয়ারের আয়োজন করা হয়।
অর্থনীতিবিদ বিরুপাক্ষ পালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্বে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী (অক্টোবর ২০২৪ থেকে মার্চ ২০২৫) বাংলাদেশের সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোয় প্রথম পুরস্কার পেয়েছে সোনালী ব্যাংক, দ্বিতীয় জনতা ব্যাংক ও তৃতীয় ইসলামী ব্যাংক। আমেরিকা থেকে বাংলাদেশের সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোয় প্রথম পুরস্কার পেয়েছে মাস্টার কার্ড, দ্বিতীয় পুরস্কার পেয়েছে মানিগ্রাম এবং তৃতীয় পুরস্কার পেয়েছে রিয়া ফিন্যান্সিয়াল সার্ভিস।
এ ছাড়া বাংলাদেশ কমিউনিটিতে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য সোনালী এক্সচেঞ্জ, বিএ এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসকে পুরস্কৃত করা হয়। আরও পুরস্কৃত হয়েছেন রিয়া মানি ট্রান্সফারের কার্লোস, আকাশ ও মিন্টো সাহা। এ ছাড়া পুরস্কার পেয়েছেন ট্রান্সফার সলিউশনসের প্রতীক (ভাইস প্রেসিডেন্ট), ট্রেজারির ইন্দ্রনীল (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), ট্রান্সফার সলিউশনসের মার্ক (ভাইস প্রেসিডেন্ট), ট্রান্সফার সলিউশনসের মালিক (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট)।