ঘুষের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আড়াইহাজার থানার ভাইরাল ওসি এনায়েত হোসেন। গতকাল সোমবার সকাল ১১টায় আড়াইহাজার থানার সামনে তোপের মুখে পড়েন তিনি।
জানা গেছে, কোনো মামলা ছাড়াই গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও কলেজছাত্র সাগর হাসানকে গত রবিবার রাতে গ্রেপ্তার করে থানা-পুলিশ। সাগর হাসান মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের কল্যান্দী এলাকার মালয়েশিয়ান প্রবাসী কবির হাসানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল কল্যান্দী এলাকা থেকে সাগর হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। সকাল থেকেই ওই এলাকায় সাগরের আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ মিছিল সহকারে থানা প্রাঙ্গণে জড়ো হয়ে থানা অবরোধ করে রাখেন। এলাকাবাসীর সঙ্গে সরকারি সফর আলী কলেজের সাগরের সহপাঠীরা যোগ দেয়। শিক্ষার্থীরা সাগরের মুক্তি দাবিতে সেøাগান দিতে থাকে। পরে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে অবরোধকারীরা থানা থেকে চলে যায়।
গত শুক্রবার আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার চার দিন পরও ওসি বহাল তবিয়তে থাকায় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘গ্রেপ্তার সাগরের নামে একটি ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’