কুমিল্লা নগরীর পুলিশ লাইনসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ছয় আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল সোমবার কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মাহাবুবুর রহমান শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাবেক এপিপি এএমএম মহিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট জাকির হোসেন এবং অ্যাডভোকেট জহুর হাসান চৌধুরী সোহাগ।
তবে অ্যাডভোকেট সোহাগ এবং অ্যাডভোকেট মহিন বর্তমানে পলাতক রয়েছেন। এ দুই আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
এ বিষয়ে কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ২৬১ জনের বিরুদ্ধে এই মামলা হয়েছে। এর মধ্যে সোমবার শুনানিতে ২৪ জন হাজির হন। তাদের মধ্যে ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৩ আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।