ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান লিঙ্গ পরিবর্তন করে অনয়া হয়েছেন। ইদানিং নিয়মিতই তিনি শিরোনামে আছেন। কর্মসূত্রে ইংল্যান্ডে থাকেন অনয়া। সম্প্রতি ভারতে ফিরে পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাত করছেন। গতকাল সোমবার অনয়াকে দেখা গেছে ভারতের আলোচিত ব্যাটার সরফরাজ খান এবং তার বাবা নওশাদের সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় অনয়ার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, একটি কালো গাড়ির মাথায় বসে আছেন অনয়া এবং সরফরাজ। গাড়ির চালকের আসনে সরফরাজের বাবা নওশাদ। এছাড়া ছোটবেলার ছবিও পোস্ট করেছেন অনয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা হাতে ফোন পাওয়ার আগে ব্যাট পেয়েছিলাম। শুরু থেকেই আমরা বন্ধু। মুশির (সরফরাজের ছোট ভাই) তোমাকে মিস্ করছি।’
২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের আগে পুরুষ হিসাবে মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন আরিয়ান তথা অনয়া। চলতি আইপিএলের নিলামে সরফরাজ আহমেত দল পাননি। তবে তার ভাই মুশির খানকে কিনেছে পাঞ্জাব কিংস, যদিও এখনো মাঠে নামা হয়নি। মুশির আইপিএলে ব্যস্ত থাকায় অনয়ার সঙ্গে শুধু সরফরাজের দেখা হয়েছে। সঙ্গে ছিলেন সরফরাজের বাবা।
উল্লেখ্য, সম্প্রতি ‘দ্য লালনটপ’ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনয়া বলেছিলেন, ‘আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি, তেমনই অনেক হেনস্থার শিকারও হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নগ্ন ছবি পাঠাত। একজন তো সবার সামনে গালিও দিয়েছিলেন। সেই তিনিই আবার আমার পাশে বসে আমার সঙ্গে ছবিও তুলতে চেয়েছিলেন। কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। তখন এক ক্রিকেটার বলেছিলেন- “গাড়ির ভেতরে চলো, তোমার সঙ্গে শুতে চাই”।’
পুরুষ থেকে নারী হওয়ার চিন্তা কীভাবে এলো –জানতে চাইলে অনয়া বলেছিলেন, ‘৮-৯ বছর বয়সে মায়ের আলমারি থেকে টেনে টেনে তার পোশাকগুলো বের করে সেগুলো পরতাম। তারপর আয়নায় নিজেকে দেখতাম। মনে মনে বলতাম, “আমি মেয়ে। আমি মেয়ে হতে চাই”। তবে সেটা কাউকে বলতাম না। আমার বাবা পরিচিত মুখ হওয়ায় সব নিজের মাঝেই রাখতাম। ক্রিকেট দুনিয়ায় কোনো নিরাপত্তা নেই। বিষাক্ত পুরুষে ভরা!’