চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরাতে টানা ২৪ ঘণ্টাও বেশি সময় ধরে অনশনে চারুকলার শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালের দিকে সরেজমিনে দেখা যায় চারুকলার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনরত আছেন। এর আগে সোমবার দুপুর সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা অনশন শুরু করেন।
অনশনে আছেন চারুকলার ৯ জন শিক্ষার্থী। তারা হলেন ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান সোহেল, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম, ২০১৯-২০ সেশনের নূর ইকবাল সানি, ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান ইয়ামিন, একই সেশনের শিক্ষার্থী মালিহা চৌধুরী, ইসরাত জাহান, নুসরাত জাহান ইপা, ২০২৩-২৪ সেশনের তরিকুল ইসলাম মাহী ও একই সেশনের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম মিনহাজ।
শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে গত বছরের ডিসেম্বরে জানানো হয়েছিল এ বছরের ৩১ মার্চের মধ্যেই এই স্থানান্তর সম্পন্ন করা হবে। সে সময়সীমা পেরিয়ে গেলেও এখনো তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ লক্ষ্য করা যায়নি। প্রশাসনের দেওয়া সময় পেরিয়ে গেছে অনেক আগেই। আমরা বারবার আশ্বাস পাচ্ছি কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
দুপুর ১২টার দিকে অনশনরত শিক্ষার্থী ফাহিম বলেন, আমরা ২০ ঘণ্টা ধরে অনশনে আছি। প্রশাসনের অনেকেই আমাদের বোঝানোর চেষ্টা করছেন। আমাদের দাবি একটা যৌক্তিক সমাধানের মাধ্যমে চারুকলাকে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। এখনও কেন এই কাজে বিলম্ব হচ্ছে এটা আমাদের প্রশ্ন। আমরা এত সময় ধরে অনশনরত অবস্থায় আছি। কিন্তু চারুকলা নিয়ে প্রশাসনের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখছি না।
গত ১২ ডিসেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যেই চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে এবং শিক্ষার্থীরা ১ এপ্রিল থেকে নতুন জায়গায় ক্লাস করতে পারবে। তবে সেই ঘোষণার বাস্তবায়ন এখনও হয়নি।