চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলিখেলার ১১৬তম আসর বসছে শুক্রবার (২৫ জানুয়ারি)। এ উপলক্ষ্যে এবারও বসবে তিনদিনের বৈশাখী মেলা। বলিখেলা ও বৈশাখী মেলা সফল করতে সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন আয়োজকরা।
আবদুল জব্বারের বলিখেলাকে সামনে রেখে মঙ্গলবার (২২ এপ্রিল) আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য সচিব শওকত আনোয়ার বাদল জানান, বলিখেলা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও লালদীঘি ময়দান ও আশপাশে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা। ২৫ জানুয়ারি বিকেল চারটায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ লালদীঘি মাঠে বলিখেলা উদ্বোধন করবেন। খেলা শেষে বিজয়ী বলিদের হাতে ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
আয়োজক কমিটির সদস্য সচিব ও মরহুম আবদুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল লিখিত বক্তব্যে বলেন, ‘আবদুল জব্বারের বলি খেলা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে ওতোপ্রোতভাবে জড়িত। এই বলি খেলা এখন চট্টগ্রামবাসীর প্রধান বিনোদনের অংশ। তাই এবারের ঐতিহাসিক আবদুল জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল এবং যানবাহন চলাচলের সুবিধার্থে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসন । একই সাথে দেশের ঐতিহ্যবাহী এই বৈশাখী মেলাকে ঘিরে স্টল বিক্রি, দোকান বিক্রি, দখল, চাঁদাবাজির বিরুদ্ধে মরহুম আব্দুল জব্বার সওদাগরের পরিবার সবসময় প্রতিবাদ করে আসছে। এবারও দোকান বিক্রি, দখল, চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবেন বলে আমাদের জানানো হয়েছে।’
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বলিখেলার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল জব্বার সওদাগরকে নিয়ে গবেষণা করা, ঐতিহাসিক লালদীঘি চত্বরকে আব্দুল জব্বার সওদাগরের নামে নামকরণ করা, চট্টগ্রামে বলি খেলা চর্চার জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা, মরহুম আব্দুল জব্বার সওদারকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার প্রদান, এই বলি খেলাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে কিংবা ইউনেস্কোর স্বীকৃতি পেতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বলিখেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রধান বিচারক হাফিজুর রহমান, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, বলিখেলার স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীণফোনের চট্টগ্রাম রিজিওনাল হেড মো. মোরশেদ আহমেদ প্রমুখ।