বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

নেত্রকোনা কারাগার ৭ ঘণ্টা বিদ্যুৎহীন

নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকায় বিদ্যুতের উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকা-ে অন্তত সাত ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে জেলা কারাগার। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশনে হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। কিন্তু গতকাল মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে কারাগার।

সোমবার রাত ১০টার দিকে শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। ১০টা ২৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে এর ৫ মিনিটের মধ্যে কারাগারের প্রাচীরসংলগ্ন নিজস্ব সাবস্টেশনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারাগার সূত্র জানায়, সোমবার কারাগারে ৬৮৯ জন বন্দি ছিলেন। রাতভর কারাগারে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।