মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের দায়িত্ব নিল ছাত্রদল

মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি চার মাস ধরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল বাজারের পাশে কল্যাগাড়ি এলাকায় সড়কের পাশে খাদে খোলা আকাশের নিচে ছিলেন। গত সোমবার খবর পেয়ে সেখানে ছুটে যান বগুড়া জেলা ছাত্রদল নেতাকর্মীরা। তারা ওই বৃদ্ধের চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেন।

সোমবার বিকেলে বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়দের সহায়তায় বৃদ্ধের চুল কেটে গোসল করানোর পর নতুন পোশাক পরিয়ে দেন। এ সময় অস্পষ্ট ভাষায় ওই বৃদ্ধ বলছিলেন, তার নাম বেলাল, মেয়ের নাম গোলাপি। তবে ঠিকানা বলতে গিয়ে এলোমেলো উত্তর দেন। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে দেখা যায় ওই বৃদ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া জানান, ছয় মাস আগে ওই বৃদ্ধ নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। জানুয়ারি মাসে তাকে সেখানকার একটি সড়কের পাশের খাদে দেখা যায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিত্যক্ত জায়গায় অপরিষ্কার অবস্থায় খোলা আকাশের নিচে ছিলেন চার মাস। স্থানীয় লোকজন তাকে খাবার দিতেন। বিষয়টি গত সোমবার জেলা ছাত্রদল সভাপতিকে জানানোর পর তিনি এ ব্যাপারে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন।

জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ‘প্রথমে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। তার অবস্থা স্বাভাবিক হলে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। আর পরিচয় শনাক্ত করা সম্ভব হলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।’