ক্যানসার পরীক্ষায় জিনোম সিকোয়েন্সিং  এখন দেশেই

এখন থেকে আর ক্যানসার পরীক্ষার জন্য নমুনা বিদেশে পাঠাতে হবে না এবং রিপোর্ট পেতে অপেক্ষা করতেও হবে না ৪-৫ সপ্তাহ। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) দেশেই জিনোম সিকোয়েন্সিং-ভিত্তিক ক্যানসার পরীক্ষা চালু করেছে।

আজ বৃহস্পতিবার থেকে রোগীরা আইসিডিডিআর,বির মহাখালী,

মিরপুর, মতিঝিল,  ধানমন্ডি, উত্তরা, নিকেতন, গুলশান এবং বারিধারার ডায়াগনস্টিক সেন্টার ও বুথে নমুনা জমা দিতে পারবেন এবং দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট পাবেন। গতকাল বুধবার আইসিডিডিআর,বি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, দেশের ক্যানসার বিশেষজ্ঞদের দীর্ঘদিনের চাহিদা ছিল বিদেশে না পাঠিয়ে দেশেই যেন অত্যাধুনিক নির্ভরযোগ্য জিনোম সিকোয়েন্সিং-ভিত্তিক ক্যানসার পরীক্ষা চালু করার। বর্তমানে অনেক রোগীকে ক্যানসার পরীক্ষার জন্য বিদেশে নমুনা পাঠাতে হয় ও রিপোর্টের জন্য ৪-৫ সপ্তাহ অপেক্ষা করতে হয়, যা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। আবার অনেক ক্ষেত্রে ফলাফলও নির্ভরযোগ্য হয় না। 

প্রতিষ্ঠানটি আরও জানায়, আইসিডিডিআর,বি জিনোম সেন্টার আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অত্যাধুনিক এনজিএস মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি দ্বারা ক্যানসার পরীক্ষা করা হবে এবং দুই সপ্তাহের মধ্যেই মানসম্পন্ন রিপোর্ট দেওয়া যাবে। রিপোর্টে ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় সম্ভাব্য কার্যকর চিকিৎসা পদ্ধতির নির্দেশনাও যুক্ত থাকবে। দেশেই জিনোম সিকোয়েন্সিং-ভিত্তিক ক্যানসার নির্ণয় ব্যক্তিভিত্তিক চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই ব্যবস্থা এটিই প্রথম।

এ ব্যাপারে আইসিডিডিআর,বির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ পরিচালক ডা. মো. মুস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশে নির্ভুল ও সহজলভ্য ক্যানসার নির্ণয়ে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রতিশ্রুতি হলো ক্যানসার বিশেষজ্ঞ ও রোগীদের জন্য সময়োপযোগী ও নির্ভরযোগ্য ফলাফল প্রদান করা, যা ক্যানসার চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, আমাদের লক্ষ্য ক্যানসারের মতো জটিল সমস্যার গুরুত্বপূর্ণ পরীক্ষার নির্ভুল ফলাফলের জন্য যেন কারও সপ্তাহের পর সপ্তাহ উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে বা বিদেশে যেতে না হয়। দেশের ক্যানসার বিশেষজ্ঞরা যেন ক্যানসার রোগীদের চিকিৎসায় এই সেবার সর্বোত্তম ব্যবহার করেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্যানসার কংগ্রেসে অংশ নিতে আসা সার্ক দেশের ক্যানসার বিশেষজ্ঞ, দ্য ল্যানসেট অনকোলজি এডিটোরিয়াল বোর্ডের সদস্যরা এবং বাংলাদেশের অনকোলজি ক্লাবের একটি প্রতিনিধিদল আইসিডিডিআর,বির জিনোম সেন্টার পরিদর্শন করেন। তারা আইসিডিডিআর,বির বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা ও জিনোম সিকোয়েন্সিং-ভিত্তিক ক্যানসার নির্ণয়ের সক্ষমতার প্রশংসা করেন।

আইসিডিডিআর,বি জানায়, অনেকের রোগ নির্ণয়ে দেরি হয়। অথচ প্রাথমিক পর্যায়ে ও নির্ভরযোগ্য পরীক্ষার মাধ্যমে ক্যানসার নির্ণয় করা গেলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেশি। এই জিনোম সেন্টারে স্তন, ফুসফুস, কোলন, ডিম্বাশয় ও রক্তের ক্যানসারের জিনোম সিকোয়েন্সিং-ভিত্তিক অত্যাধুনিক পরীক্ষা করা হবে এবং চিকিৎসকরা সময়মতো কার্যকর চিকিৎসা দিতে পারবেন।