কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে: প্রধান উপদেষ্টা

স্বপ্ন মানুষের মূল চাবিকাঠি, মানুষকে স্বপ্ন দেখতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কল্পনাশক্তি একটি বিশাল শক্তি। কল্পনাশক্তি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। কোনও কিছু অর্জন করতে হলে কল্পনাশক্তি প্রয়োজন। কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে আয়োজিত একটি অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

সেখানে ড. ইউনূস আরও বলেন, ‘আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এ সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে। এক সময় যা আমাদের বিনাশ করবে।’

‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক অধিবেশনের আয়োজন করে কাতার বিশ্ববিদ্যালয়। এই অধিবেশনে নিজের ‘থ্রি জিরো’ তত্ত্ব উপস্থাপন করেন তিনি।

অনুষ্ঠান শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ড. ইউনূস।

বৈঠকে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।