নাস্তা করতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল হেল্পারের

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশের একটি চায়ের দোকানে সকালের নাস্তা করতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন অন্য একটি গাড়ির হেলপার। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরার মসজিদ্দা এলাকার ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। একই দিন দুপুর ১২টার দিকে অপর একটি দুর্ঘটনায় ড্রাম ট্রাকের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সকালে গাড়ি থামিয়ে মহাসড়কের পাশের একটি চায়ের দোকানে নাস্তা করতে নামে রাকিব (১৭) নামের একজন গাড়ির হেল্পার। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান অপর একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে রাকিব ঘটনাস্থলে নিহত হন। এতে ধাক্কা দেওয়া গাড়ির চালক গুরুতর আহত হন। নিহত মো. রাকিবের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

অপর ঘটনায়, দুপুর ১২টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ইউনিটেক্স নামক একটি কারখানার সামনে একটি স্ক্র্যাপবোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সারোয়ার আলম (৩৭) নামক একজন পথচারীকে চাপা দিয়ে চায়ের দোকানে ঢুকে যায়। এ ঘটনায় সারোয়ার আলম ঘটনাস্থলে নিহত হন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আহত একজন চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, পৃথক দুর্ঘটনায় নিহতদের লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুটি ঘটনায় দায়ী গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।