ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো থামেননি। গোল করে চলেছেন আগের মতোই, তবে বয়সের কাঁটায় ছেদ পড়েছে কিছু পরিকল্পনায়। বয়স এখন ৪০। সামনে লক্ষ্যটা জীবন্ত কিংবদন্তিদের ঊর্ধ্বে—প্রথম শ্রেণির ম্যাচে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক।
এ মুহূর্তে রোনালদোর গোল সংখ্যা ৯৩৩। সবশেষ আল-নাসরের হয়ে আল-হিলালের বিপক্ষে রিয়াধ ডার্বিতে জোড়া গোল করে আবারও আলোচনায় আসেন তিনি। ম্যাচ শেষে অবশ্য ব্যক্তিগত অর্জন নিয়ে খুব বেশি আগ্রহ দেখাননি, “চলুন, মুহূর্তটা উপভোগ করি। যদি হয়, তাহলে ভালো। যদি না হয়, তাও ঠিক আছে।”
তবে এই একই রোনালদো গত আগস্টে রিও ফার্দিন্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, '৯০০ গোল পার হওয়া আমার জন্য বিশেষ কিছু। এর পরের চ্যালেঞ্জ ১,০০০ গোল—এটা পেলে পারলে, অসাধারণ হবে। আমার সব গোলের ভিডিও আছে, প্রমাণ হিসেবে যথেষ্ট।'
পেলের গোল সংখ্যা নিয়ে যেমন বিতর্ক আছে (গিনেস রেকর্ড অনুযায়ী ১,২৭৯, যার মধ্যে অনেকগুলোই প্রদর্শনী বা অনানুষ্ঠানিক ম্যাচ), রোনালদোর গোলগুলোর প্রায় প্রতিটিই প্রামাণ্য ভিডিওসহ।
এই মুহূর্তে তিনি সৌদি প্রো লিগে ২৩ গোল নিয়ে শীর্ষে। গত মৌসুমে করেছিলেন রেকর্ড ৩৫ গোল। এবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগেও ঝলক দেখাচ্ছেন, ইতোমধ্যে করেছেন ৭ গোল। আজ শনিবার ইয়োকোহামা এফ মেরিনোসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামবেন পর্তুগিজ সুপারস্টার। একদিকে ট্রফির লড়াই, অন্যদিকে ব্যক্তিগত ইতিহাসের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ।
এমনকি গুঞ্জন চলছে, ক্লাব বিশ্বকাপে তাকে আমন্ত্রণ জানাতে পারেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে আরও কয়েকটা ম্যাচ পেলেই হয়তো গোলসংখ্যা বেড়ে যাবে কয়েক ধাপ।
তবে জাতীয় দলের হয়ে তার ভূমিকা নিয়ে আছে আলোচনা। ইউরো ২০২৪-এর পর অনেকেই বলছেন, রোনালদোর এখন দলের চেয়ে নিজের রেকর্ডকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। সাবেক জার্মান মিডফিল্ডার ডিটমার হ্যামান যেমন বলেছিলেন, 'সে এখন এমন পর্যায়ে, যেখানে দলকে অগ্রাধিকার দিতে হবে। আমি ভাবি না সে ১,০০০ গোলের কাছাকাছি যেতে পারবে।'
তবে পর্তুগালেরই আরেক কিংবদন্তি লুইস ফিগো আস্থা রাখছেন রোনালদোর ওপর। তার মতে, '২০২৬ বিশ্বকাপে রোনালদো এখনো মূল একাদশে থাকার মতো যোগ্য।'
সৌদিতে অবশ্য এসব বিতর্ক নেই বললেই চলে। আল-নাসরের মুখ হয়ে উঠেছেন তিনি। তবে দলের আক্রমণভাগে মাঝে মধ্যে সমালোচনা ওঠে তাকে ঘিরেই। সাবেক আল-হিলাল কর্তা ইব্রাহিম আল-আনকারি বলেছিলেন, 'রোনালদোকে সহজ সুযোগ না দিলে সে ম্যাচে থাকে না।' যদিও সাবেক আল-নাসর তারকা হাসেম সোরুরের মতে, 'এটা বলবে শুধুই আল-হিলাল সমর্থক কিংবা ফুটবলের কিছু না জানা কেউ।'
আল-নাসরের হয়ে তার চুক্তির মেয়াদ শেষ হবে এ গ্রীষ্মেই। তবে ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানো হবে। কারণ, যতদিন খেলবেন, ততদিন গোল করবেন—এটা এখনও বিশ্বাস করেন কোটি ভক্ত।
আর বাকি ৬৭ গোল? সময় হাতে কম, তবে রোনালদো মানেই অসম্ভবকে সম্ভব করার নাম।
এবার ভিডিও পোস্ট করে আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের
তামিমদের সঙ্গে বৈঠকে বসছেন ফারুক আহমেদ