কুলাউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরসভার আলালপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

থানা সূত্রে জানা যায়, কামরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি বিশেষ দল আলালপুরে কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানকালে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার ও ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবির উপস্থিত ছিলেন।

ওসি মো. গোলাম আপছার জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এজাহারভুক্ত আসামি কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই। গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।