সিনিয়র লিডারশিপ টিমের চারজনকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির ডিএমডি তারেক রেফাত উল্লাহ খান ও সৈয়দ আব্দুল মোমেন এএমডি পদে পদোন্নতি পেয়েছেন। ব্যাংকটির হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম এবং হেড অব অপারেশনস মো. মুনীরুজ্জামান মোল্যা ডিএমডি পদে পদোন্নতি পেয়েছেন।
ব্র্যাক ব্যাংকের করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনকে অল্প সময়ের মধ্যে শক্তিশালী অবস্থানে রূপান্তরিত করে ব্যাংক খাতের লিডিংপর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তারেক রেফাত উল্লাহ খান। তার দূরদর্শী নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা এই বিজনেসে তিন গুণ প্রবৃদ্ধি এনে দেওয়ার পাশাপাশি পোর্টফোলিওর গুণগত মান বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। টেকসই ডিজিটাল অপারেশনাল প্ল্যাটফর্ম তৈরি এবং হাই-পারফর্মিং পেশাদার টিম গঠনে তার অবদান ব্যাংক খাতে নতুন মানদ- স্থাপন করেছে। তারেক রেফাত উল্লাহ খান ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন।
ব্যাংকিং সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরে বহুমুখী কাজের সঙ্গে জড়িত সৈয়দ আব্দুল মোমেন (তমাল) টেকনোলজি, অপারেশনস এবং বিজনেস ভার্টিক্যালে দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিশেষ করে এসএমই ব্যাংকিংয়ের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। ২০১৭ সালের জুলাইয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি ব্যাংকটির এসএমই বিজনেসকে ব্যাংক খাতের শীর্ষ অবস্থানে নিয়ে গেছেন। ব্র্যাক ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক এবং ব্র্যাক আফগানিস্তান ব্যাংকে কর্মরত ছিলেন।
২৭ বছরেরও বেশি সময় ধরে নাজমুর রহিম এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং এএনজেড গ্রিন্ডলেসসহ বিভিন্ন শীর্ষপর্যায়ের ব্যাংকের হেড অব কার্ড বিজনেস, হেড অব পোর্টফোলিও, ক্রেডিট কার্ডস এবং কনজ্যুমার ট্রানজ্যাকশন ব্যাংকিংসহ বহুমুখী নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন। তিনি ২০১৬ সালে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। ব্র্যাক ব্যাংকে হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকটির হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নিয়ে মো. মুনীরুজ্জামান মোল্যা ব্র্যাক ব্যাংকে যোগ দেন। ব্র্যাক ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেডে ব্যাংকটির হেড-কান্ট্রি অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে এএনজেড গ্রিন্ডলেস ব্যাংকে কর্মজীবন শুরু করেন, যেখানে তিনি বিভিন্ন ব্রাঞ্চ এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক সার্ভিসে কাজের ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। পরে ২০০০ সালে তিনি সিটি ব্যাংক এনএতে যোগদান করে ব্যাংকটির হেড অব ট্রেড, ট্রেজারি অ্যান্ড এফআই এবং ক্যাশ ম্যানেজমেন্ট অপারেশনসসহ বিভিন্ন পদে ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি