গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ জনকে এক মাস করে কারাদন্ড দিয়েছে।
গত রবিবার রাতে নগরীর ইসলামপুর ও কারখানা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই ১০ জনকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস, টঙ্গী (রাজস্ব) সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস জানান, রাতের অন্ধকারে কারখানা বাজার ও ইসলামপুর এলাকায় কৃষিজমি থেকে অপরিকল্পিতভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল।
এমন খবর পেয়ে ওইসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় কারখানা বাজার এলাকা থেকে তিনজন এবং ইসলামপুর এলাকা থেকে সাতজনকে আটক করা হয়। পরে ওই ১০ জনকে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়।
গতকাল সোমবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অবৈধ ও অপরিকল্পিতভাবে ভেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।